শ্রমিকদের স্বার্থের কথা ভেবে ২২ কোটি টাকা বেনিফিট দিয়েছে রাজ্য সরকার, বললেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন
দি নিউজ লায়ন ; শ্রমিকদের স্বার্থের কথা ভেবে ২২ কোটি টাকা বেনিফিট দিয়েছে সরকার। রাজ্যে বেনিফিট পাওয়ার ক্ষেত্রে প্রথম মালদা। সামাজিক সুরক্ষা যোজনায় মালদা জেলায় সমস্ত বিড়ি শ্রমিক , রাজমিস্ত্রি, পুলিশসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদায় শ্রমিক মেলার উদ্বোধন করতে এসে একথা বলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন।
তবে এদিন শ্রমিক মেলামঞ্চের সামনেই বেশকিছু দাবি-দাওয়া নিয়ে শ্রম দপ্তরের অধীনস্থ এসএলও কর্মীরা হাতে থালা নিয়ে অবস্থান করেন। তাঁদের বক্তব্য , লকডাউনের জন্য শ্রমিকদের যে কিস্তির টাকা সংগ্রহের কাজ তারা করতেন। তা বন্ধ দেওয়া হয়েছে। এর ফলে জেলায় আড়াইশো জন কর্মী কর্মহীন হয়ে পড়েছেন। তারা নতুন করে কাজে ফেরার দাবি জানিয়েই মঞ্চের সামনে অবস্থান করেন। যদিও এই পরিস্থিতিতে শ্রম দপ্তরের মন্ত্রী ওই কর্মীদের আশ্বস্ত করেন।
এদিন পুরাতন মালদা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তাঁতি পাড়ার মাঠে অনুষ্ঠিত হয় শ্রমিক মেলা। যেখানে বিভিন্ন ধরনের স্টল করা হয়েছিল। শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র , মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, বিধায়ক নিহার ঘোষ, পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ প্রমূখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন বলেন, গত সাড়ে ৯ বছরে ৩২৮ কোটি টাকা বেনিফিট দেওয়া হয়েছে বিভিন্ন জেলার শ্রমিকদের। যার মধ্যে মালদা বেনিফিট পাওয়ার ক্ষেত্রে সবথেকে প্রথমে রয়েছে। সামাজিক সুরক্ষা যোজনা নতুন করে মানুষের আগ্রহ বেড়েছে। প্রায় এক কোটি বেনিফিশিয়ারি হয়েছে রাজ্যে। লকডাউন পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী বিনামূল্যে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী শ্রমিকদের দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
এছাড়াও দুয়ারে সরকারের মতো প্রকল্প তৈরি করে শ্রমজীবী মানুষদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নতুন করে পথ খুলে দিয়েছেন। শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন আরো বলেন , ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ২২ কোটি টাকা বেনিফিট মালদাকে দেওয়া হয়েছে। বিভিন্ন কার্যক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু, অন্যান্যভাবে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও এই বরাদ্দ অর্থ থেকেই শ্রমিকদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যা সবটাই হয়েছে মুখ্যমন্ত্রী মমতার জন্য।

Post a Comment